ইউরোপে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকেও ক্লাব ফুটবল বেশি জনপ্রিয়। এ কারণে ফিফার ম্যাচগুলোতে দর্শকদের আগ্রহ বাড়াতে ২০১৮ সালে নেশনস লিগ চালু করে উয়েফা। এতে উত্তাপ কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু আশানুরূপ দর্শকপ্রিয়তা পায়নি। তাই টুর্নামেন্টটিকে আরও জনপ্রিয় করতে এবার ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকা অঞ্চলের ১০টি দেশকে এই লিগে যুক্ত করতে চাচ্ছে উয়েফা কমিটি।
উয়েফা ৫৫ সদস্য নিয়ে দুই বছর পরপর নেশনস লিগ আয়োজন করছে। প্রথম দুই আসরে শিরোপা জিতেছে পর্তুগাল ও ফ্রান্স। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) চাচ্ছে, আগামী ২০২৪ সাল থেকে নেশনস লিগের নতুন সংস্করণে যুক্ত হবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০টি সদস্য দেশ।