শরণার্থীরাও পর্যাপ্ত সুযোগ পেলে যে, বিশ্বের সবার সামনে অনুপ্রেরণার অপর নাম হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত নাদিয়া নাদিম। তিনি একাধারে পেশাদার ফুটবলার ও সার্জন চিকিৎসক। ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানোর ফাঁকে ফাঁকে শেষ করেছেন পাঁচ বছরের চিকিৎসা কোর্স এমবিবিএস। খেলেছেন ডেনমার্ক জাতীয় নারী ফুটবল দল, ম্যানচেস্টার সিটি ও পিএসজিতে (প্যারিস সেইন্ট জার্মেই)। আর বর্তমানে যুক্তরাষ্ট্রের কেনটাকির রেসিং লুইসভিল এফসির হয়ে খেলছেন। পাশাপাশি কথা বলতে পারেন মোট ১১টি ভাষায়।
১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি আফগানিস্তানের হেরাত প্রদেশে জন্মগ্রহণ করেন নাদিয়া নাদিম। পরিবারে তার আরও চার বোন রয়েছে, ভাই নেই। বাবা-মা ও বোনদের সঙ্গেই সেখানে বেড়ে উঠতে থাকেন। তার বাবা আফগান ন্যাশনাল আর্মির একজন জেনারেল ছিলেন। ২০০০ সালে তালেবানরা তার বাবাকে হত্যা করে। এরপর পরিবারের সঙ্গে দেশ ছেড়ে চলে আসেন ছোট্ট নাদিয়া।