সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে সচিবালয়ে তার দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেঈমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদেরকে দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।’