নতুন করে ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় দারাজ, আলেশা মার্ট, ইভ্যালি, ই-অরেঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে। সম্প্রতি ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তাদের লেনদেনসহ ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগেও বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকটির ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ করা হয়।
বিএফআইইউর চিঠির সঙ্গে তথ্য পাঠানোর জন্য একটি ফরমও দেওয়া হয়েছে। সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেন থাকা ব্যাংকের শাখা, হিসাবের নাম, নম্বর, ধরন ও তা খোলার তারিখ, মোট জমা ও উত্তোলন এবং বর্তমান স্থিতি জানাতে বলা হয়েছে। হিসাব সচল নাকি বন্ধ তাও জানাতে হবে।